শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুর ভবন ও কম্পিউটার ল্যাব দেওয়ার নামে একটি প্রতারক চক্র বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালকের পরিচয় দিয়ে চক্রটি প্রতারণা করছে। এ চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য উপজেলা শিক্ষা কার্যালয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দিয়েছে৷
কয়েকজন প্রধান শিক্ষক জানান, চলতি মাসের মাঝামাঝিতে তাঁদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষার স্কুল শাখার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক সাধন কুমার বিশ্বাস পরিচয়ে মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। চলতি অর্থবছরে তাঁদের প্রতিষ্ঠানের নামে একটি নতুন ভবন, একটি কম্পিউটার ল্যাব ও নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অনুদান চলতি অর্থবছরের মধ্যেই ছাড় করে নিতে হবে। এ জন্য তাঁদের বিকাশের মাধ্যমে আজকেই টাকা পাঠাতে হবে। পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করতে বলা হচ্ছে। দ্রুত টাকা না পাঠালে তাঁদের বরাদ্দ কেটে দেওয়া হবে বলেও মুঠোফোনে জানানো হচ্ছে।
গত ১৫ দিনে উপজেলার ৯৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ও ১১টি কারিগরি স্কুলের প্রধানদের কাছে মুঠোফোনে এ প্রলোভন দেখানো হয়েছে। শিক্ষকেরা আরও জানান, তাঁদের একই ধরনের প্রলোভন দেখানো হলেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন পরিমাণে। ২০ থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পাঠাতে বলা হচ্ছে। চক্রটি কল করা নম্বরেই বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত ওই সব নম্বরে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়৷
এদিকে এ ধরনের প্রলোভন পেয়ে কয়েকজন শিক্ষক টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছে। বাগমারা কারিগরি স্কুলের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এস এম মুজিবুর রহমান জানান, তিনি বিশ্বাস করে ওই নম্বরে (০১৭৭৪১৬৮৯৯৯) ২০ হাজার টাকা পাঠিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, তাঁরা দর-কষাকষি করে ২০ থেকে ২৫ হাজার টাকা করে পাঠিয়েছেন। পরে ওই সব নম্বরে যোগাযোগ করে তা বন্ধ পাওয়ায় ও অন্য সহকর্মীদের কাছে একই কথা শুনে তাঁরা প্রতারিত হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন জানান, তাঁর কাছেও একই কথা বলে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে এটি প্রতারক চক্রের কাজ বলে তিনি নিশ্চিত হয়েছেন।
মোল্লাহ এম আলতাফ হোসেন অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মুঠোফোন নম্বর কেবল শিক্ষাসংশ্লিষ্ট সরকাির দপ্তরে থাকে, প্রতারক চক্র সরকাির দপ্তরেরই কেউ হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান জানান, কোনো প্রধান শিক্ষক প্রতারিত হয়েছেন কি না এবং তাঁরা কীভাবে নম্বর পেল এ সর্ম্পকে তাঁর কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাস প্রথম আলোকে জানান, তিনি দীর্ঘদিন রাজশাহীতে থাকায় একটি প্রতারক চক্র তাঁর নাম ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি এ ব্যাপারে শিক্ষকদের সর্তক করে দেওয়ার জন্য রাজশাহী শিক্ষা কর্মকর্তা, উপপরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।