শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর-ই-এলাহী ও মহাসচিব রকিবউদ্দীন আহম্মেদের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীরা আমার দলের হলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। এমন ব্যক্তিদের তাত্ক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরবের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান শীর্ষ পর্যায়ে ছিল। কিন্তু আজ সে গৌরব হারিয়ে যাচ্ছে। অতীত গৌরব ফিরিয়ে আনার কাজ করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি তিনি আহ্বান জানান।ভবিষ্যত্ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে সমাজ সংস্কারে ভূমিকা রাখার জন্য তাঁদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সামরিক শাসনের কারণে দেশে সামাজিক অবক্ষয় ঘটছে এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সামরিক শাসকেরা ক্ষমতা গ্রহণ করে প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন লাভের জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্রেস্ট এবং ‘সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্মারকগ্রন্থ ও অ্যালামনাইয়ের আজীবন সদস্য হিসেবে তাঁর পরিচয়পত্র প্রদান করা হয়। বাসস।