শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার অস্ত্রের ঝনঝনানি দেখতে চান না। শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য ছাত্রসংগঠনটির নেতা-কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গতকাল বুধবার গণভবনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় এই আহ্বান জানান। ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রলীগের নেতাদের বলব, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো প্রকার অস্ত্রের ঝনঝনানি আমরা দেখতে চাই না। এ ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা শিক্ষাঙ্গনে ঘটুক, আমরা তা চাই না।’

শেখ হাসিনা বলেন, অতীতে দেশের অধিকাংশ ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানির জন্যই অনির্ধারিত বন্ধে বছরের পর বছর সেশন জট ছিল। পরীক্ষার জন্য অপেক্ষা করেই অনেক শিক্ষার্থীর চাকরির বয়স শেষ হয়েছে।

লেখাপড়ার পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গণসচেতনতা সৃষ্টির জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি চাই তোমরা নিজ নিজ এলাকায় বা যেখানেই যাও, সেখানে স্থানীয় জনগণের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তি নিয়ে জনমত সৃষ্টির জন্য কাজ করবে। এই সামাজিক ব্যাধি ও জঙ্গি উচ্ছেদ কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে হবে।’

প্রধানমন্ত্রী দেশের প্রতিনিধিত্ব করতে প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি জাতির ইতিহাস জানতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংসদ অধিবেশন দেখার পরামর্শ দেন ছাত্রলীগের নেতা-কর্মীদের। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন থেকে দেশের সব অর্জনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস থাকার কথা এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।

মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে ছাত্রলীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। কারণ এটি শারীরিক ও মানসিকÿক্ষতির কারণ এবং জীবন ও পরিবারকেও ধ্বংস করে।’