শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা চালাচ্ছে একটি গোষ্ঠী
একটি গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে সমিতি শিক্ষাঙ্গনে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে এবং শিক্ষাবান্ধব পরিবেশের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।
এতে বলা হয়, সাম্প্রতিক কালে বিভিন্ন হলে সিট বণ্টনকে কেন্দ্র করে পরস্পরের প্রতি দোষারোপ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং একদল উচ্ছৃঙ্খল ছাত্রের হাতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের নাজেহাল করা হয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ ও ইনস্টিটিউটে রূপান্তর করার অজুহাতে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন, প্রতি-আন্দোলন কর্মসূচি পালনের নামে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টিসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে যেমন শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি আইনশৃঙ্খলার অবনতিরও আশঙ্কা দেখা দিয়েছে। সমিতি মনে করে, এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের অর্থ দাঁড়ায় দেশের চলমান অগ্রগতিকে শ্লথ করে দেওয়া।