শিক্ষাপ্রতিষ্ঠানে আগুনে পুড়ে গেছে বইখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার অন্যতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠে গত সোমবার রাতে অগ্নিকাণ্ডে বই-খাতা, শ্রেণিকক্ষ, বেঞ্চসহ প্রায় ২৪ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত নয়টার দিকে গাইবান্ধার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় বিদ্যাপীঠের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঝড় থামার পর ওই এলাকায় বিদ্যুৎ আসে। এ সময় বিদ্যাপীঠের দক্ষিণ ক্যাম্পাসের একটি কক্ষে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। টের পেয়ে আশপাশের লোকজন ও গাইবান্ধা দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান শিক্ষকের কার্যালয়সহ ছয়টি শ্রেণিকক্ষ, চেয়ার-টেবিল বেঞ্চ, বই-খাতা, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রায় ২৪ লাখ টাকার সম্পদ পুড়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল আলম মুঠোফোনে বলেন, ‘অবকাঠোমোর চেয়ে বিদ্যাপীঠের অনেক মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছি।’ তিনি বলেন, নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তিনি মেরামতের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন।
এর আগে গত ২৬ জানুয়ারি রাতে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ-উন্নয়ন কেন্দ্র পরিচালিত সদর উপজেলার কুন্দেরপাড়া গণ-উন্নয়ন একাডেমি হাইস্কুলের সাতটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এতে চেয়ার-টেবিল, বেঞ্চ ও অন্যান্য আসবাব, শিক্ষা সরঞ্জামসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় মামলা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।