শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশে পূর্বঘোষিত এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। এই ধর্মঘটে সমর্থন দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দুটি জোট—কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। গতকাল মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটে সমর্থন দেওয়া হয়।
বিকেলে বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, ‘একাত্তরে যে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, তা ম্লান হতে হতে তারা ধীরে ধীরে একটি কলঙ্কজনক বাহিনীতে পরিণত হচ্ছে। আগের দিন আমরা বক্তব্যে বলছিলাম, অবস্থা এমন দাঁড়িয়েছে, নারীরা পুলিশের কাছেও নিরাপদ নয়। এর কিছুক্ষণের মধ্যেই তারা সেটা প্রমাণ করে দেখিয়েছে। পুলিশ নিজেই নারী নিপীড়ন করেছে, রক্ষকই যদি নিপীড়ক হয়, তবে জনগণ কার কাছে যাবে?’
পুলিশের উদ্দেশে হাসান তারেক বলেন, জনগণের সেবক পুলিশের কাছে জনগণের পক্ষ থেকে দেখা করতে গেলে সেই সুযোগ দেওয়া হয়নি। তারা হয়তো মন্ত্রী-এমপিদের নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশের সদস্যরা তাঁদের দায়িত্বের ব্যাপারে কৈফিয়ত দিতে বাধ্য।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ডাকা ধর্মঘটকে সমর্থন দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একটা সমাজে নারীর অবস্থান দেখেই বোঝা যায় সে সমাজ কতটা গণতান্ত্রিক। যে সমাজে মানুষ হিসেবে নারীর মর্যাদা নেই, সে সমাজ, সে রাষ্ট্র গণতান্ত্রিক হতে পারে না। মুখে গণতন্ত্রের ফেনা তুলছে যে সরকার তারাও ঘরে-বাইরে-কর্মস্থলে-শিক্ষাঙ্গনে নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, উপরন্তু নিজেদের বাহিনী দিয়ে নারীদের ওপর আক্রমণ করেছে। এ সময় দুই জোটের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।
আজ শাহবাগ ও টিএসসিতে প্রতিবাদ সমাবেশ: একই দাবিতে আজ বিকেল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘লেখক-শিক্ষক-শিল্পী-সংস্কৃতিকর্মী-পেশাজীবী-রাজনৈতিক কর্মীদের’ উদ্যোগে সমাবেশ হবে। এ ছাড়া ছাত্র ইউনিয়ন বিকেল চারটার দিকে ‘পাল্টা আঘাত’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করবে।