বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক–উপাচার্যদের সঙ্গে সরকারের মতবিনিময়
শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী কমিটি গঠন করতে হবে

জঙ্গিবাদ দমনে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। আইনি ব্যবস্থার পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। এ জন্য দরকার সমন্বিত প্রয়াস।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রোববার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে সরকারের এক মতবিনিময় সভায় এ আহ্বান উঠে আসে। সকাল সোয়া ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ মতবিনিময় সভায় ২০ জনের বেশি বক্তা বক্তব্য দেন। সভায় ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিক ও উপাচার্যদের বেশির ভাগই উপস্থিত ছিলেন।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় অংশ নেওয়া তরুণদের মধ্যে কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সন্দেহভাজন হিসেবে নিখোঁজ কয়েকজনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদ দমনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ পুলিশ। পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার সঙ্গেও বৈঠক করবে সরকার।
মতবিনিময় সভায় উপস্থিত একাধিক ব্যক্তি নিজেদের মধ্যে আলাপে বলেন, এত দীর্ঘ সময় বক্তব্যপর্ব না চালিয়ে বরং জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সুনির্দিষ্ট নির্দেশনা দিলে সেটা হয়তো বেশি কার্যকর হতো।
মতবিনিময় সভায় মুক্ত আলোচনার সুযোগ না রাখায় নির্ধারিত বক্তাদের বাইরে কেউ কথা বলতে পারেননি। নির্ধারিত আলোচনাতেও সরকারের ব্যক্তিরাই বেশি সময় কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কিছু কিছু প্রতিষ্ঠানে উগ্রবাদের চর্চা হয়েছে, যাতে কিছু শিক্ষার্থী বিপথগামী হয়েছে। জঙ্গিবাদ দমনে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মন্ত্রী বলেন, জঙ্গি দমনের জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করা হবে।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ব্যাপারে সরকারের কাছে আগাম গোয়েন্দা তথ্য ছিল। গুলশানের ঘটনা ঘটার তিন মিনিটের মাথায় সেখানে পুলিশ পৌঁছায়। পুলিশ আধঘণ্টার মধ্যে ঢুকে যেতে পারত। কিন্তু জিম্মিরা তখন কী অবস্থায় ছিলেন, সেটা বিবেচনা করতে হয়েছে। জঙ্গি সন্দেহে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রী বলেন, ‘অল্প কয়েকজন নিখোঁজ আছে। তাদের কে কোথায় আছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের হাতে আছে।’
বিপথগামীদের ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা কঠোর হতে চান না। তবে জঙ্গিরা যদি মনে করে এভাবে হত্যা করে সব বন্ধ করে দেবে, তাহলে ভুল হবে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, যদি কোনো উপাচার্য বলে থাকেন জঙ্গিবাদ প্রতিবাদের ভাষা এবং গুলশানের হলি আর্টিজান হামলায় নিহত পুলিশ কর্মকর্তার মরণোত্তর বিচার হওয়া দরকার, তবে তাঁর বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই কাজে (উগ্রপন্থা) প্ররোচিত করেন। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারি থাকা দরকার।’
র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্দেশ করে জানতে চান, ‘জেনেশুনে কীভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিক্রিয়াশীল শিক্ষকেরা নিয়োগ পাচ্ছেন? শিক্ষার্থীদের আপনারা কী লক্ষ্য দিচ্ছেন? তারা কীভাবে এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করছে?’
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষাঙ্গন থেকেই তরুণদের ধর্মভিত্তিক সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। এর মধ্যে একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বারবার সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ার খবর উদ্বেগজনক।
জঙ্গিবাদ দমনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন মনিরুল ইসলাম। এসবের মধ্যে রয়েছে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন, ঝুঁকিতে থাকা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যৌক্তিক কারণ ছাড়া কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তথ্য দেওয়া।
প্রথমেই কঠোর না হওয়ার অনুরোধ: গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা সবার মুখে কালি মেখে দিয়েছে বলে মন্তব্য করেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ বর্তমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। যারা বিপথে যাচ্ছে তাদের প্রতি প্রথমে শক্ত মানসিকতা পরিহার করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাতেও না হলে পরে শক্ত হাতে দমন করা যাবে।
জঙ্গিদের ‘ক্যানসার’ উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে ‘অপারেশন’ করে এই ক্যানসার কেটে ফেলা হবে। তিনি ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলেন।
সরকারের বিভিন্ন করণীয় এর প্রসঙ্গে টেনে স্কলাসটিকার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাওছার আহমেদ বলেন, এখানে যেসব করণীয় পালনের কথা বলা হয়েছে, তার প্রায় সব কটি তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হয়েছে। তারপরও কেন হচ্ছে? নিশ্চয়ই কোথাও ফাঁকফোকর রয়েছে। এই ফাঁকফোকর চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাতে জঙ্গিবাদ না থাকে, সে জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবীর হোসেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরব রাজনীতি চায় ছাত্রলীগ: মতবিনিময় সভায় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সরব রাজনীতি থাকতে হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্ত হোক।
পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনামুল হক শামীম, মানারত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান প্রামাণিক।