গাইবান্ধায় গত সোমবার রাতে বনভোজনের বাস উল্টে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খবিরিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র রাকিব মিয়া ও সপ্তম শ্রেণীর ছাত্র মোকছেদুল ইসলাম নিহত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবদুল লতিফ বলেন, গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন শোক পালন করা হবে। ওই তিন দিন মাদ্রাসায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।
এদিকে গতকাল বেলা ১১টায় মধ্য কঞ্চিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাকিব মিয়া ও মোকছেদুল ইসলামের লাশ দাফন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ছাড়াও সর্বস্তরের মানুষ তাদের জানাজায় অংশ নেন। গতকাল নিহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে জেলা প্রশাসন।
গত সোমবার রাতে গাইবান্ধা-বালাসি সড়কে জেলা শহরের অদূরে পুলবন্দি ফলিয়া নামক স্থানে মাদ্রাসার বনভোজনের বাস উল্টে রাকিব ও মোকছেদুল নিহত হয়। এতে শিক্ষকসহ কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়।