শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের হয়রানি বন্ধে ব্যর্থতার কারণ দর্শানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধে পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ দর্শানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি হয়রানিমূলক আচরণ প্রতিরোধে নীতিমালা না থাকা কেন মৌলিক অধিকারের পরিপন্থী হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি হয়রানিমূলক আচরণ প্রতিরোধ ও বৈষম্য দূরীকরণে ইতিমধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কিত তথ্য প্রদান করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ছাত্র মধুসূদন চক্রবর্তী (২১) ২০১০ সালের ১২ ডিসেম্বর আত্মহত্যা করেন। এ নিয়ে প্রথম আলোর আইন অধিকার পাতায় প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট, মধুসূদনের বাবা এবং প্রথম আলোর আইন অধিকার প্রতিবেদক তানজিম আল ইসলাম আবেদনকারী হয়ে রিট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।রিট আবেদনে স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, স্বাস্থ্যসচিবসহ নয়জনকে বিবাদী করা হয়। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন, কাজী জাহেদ ইকবাল ও শাহরিয়ার শাকির মামলা পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।