শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হয়নি লাঠ্যৌষধের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেত দিয়ে শাস্তি দেওয়ার রীতি এখনো চালু আছে। আর এসব শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা মেটানোর জন্য উপজেলায় বিভিন্ন লাইব্রেরি ও দোকানে বেত বিক্রি করা হয়।শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শারীরিক শাস্তি বন্ধ করার জন্য গত সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। তবে আমতলীর বেশির ভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনেক শিক্ষকই বেতের পরিবর্তে রুলার দিয়েও শাস্তি দেন। অনেকে চড়-থাপড় ও কানমলা দিয়ে শাস্তি দেন বলেও কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক বলেন, পেটানো ছাড়া পড়া আদায় সম্ভব নয়। শিক্ষার্থীদের পেটানোর ব্যাপারে তাঁদের মধ্যে কোনো অপরাধবোধ কাজ করে না। কারণ তাঁরা শিক্ষার্থীদের ভালোর জন্যই এ কাজটি করে থাকেন।শিশুর মানসিক ও শারীরিক বিকাশ নিয়ে স্থানীয় পর্যায়ে কাজ করছে, এমন একটি বেসরকারি সংস্থা এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না বলেন, ‘শিশু-কিশোরদের শারীরিক সাজা দেওয়া শিক্ষাক্ষেত্রে একটি ভুল পদ্ধতি। এতে শিশুরা সহপাঠীদের সামনে হেয়প্রতিপন্ন হয়। ফলে তাদের মনে অপরাধবোধ ও জিঘাংসার সৃষ্টি হয়। অনেক সময় এসব শিশু বখাটে ও কিশোর অপরাধীতে পরিণত হতে পারে।’আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মদন জি পাল বলেন, যেকোনো ধরনের মারধর বা ধমক শিশুমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে তা শিশুর শারীরিক ও মানসিক পূর্ণতায় বাধা সৃষ্টি করে। ভীতি ছাড়া আনন্দের মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয়, শিশুরা তা দ্রুত শিখতে পারে। বেতের ব্যবহার প্রসঙ্গে আমতলী এ কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ বলেন, ‘আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে এখন আর বেত দিয়ে পেটানো হয় না। ক্লাসে বেত নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।’ তিনি বলেন, শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার চেয়ে বোঝানো বেশি ফলপ্রসূ।আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, বিদ্যালয়ে বেতের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য সব বিদ্যালয়ে নির্দেশনামূলক চিঠি দেওয়া হয়েছে।আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান বেগম বলেন, ‘কোমলমতি শিশুদের শারীরিক শাস্তি দেওয়া সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’