শিক্ষাপ্রতিষ্ঠানে বরাদ্দের নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রমোটের নামে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি পাঠিয়েছে একটি প্রতারক চক্র। ইতিমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই চক্রের ফাঁদে পড়ে প্রতারিতও হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, প্রমোটের নামে তাঁরা ওই চিঠি পাওয়ার পর চিঠিতে উল্লেখ করা মুঠোফোন নম্বরে যোগাযোগ করেন। এ সময় অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আপনার বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিন লাখ টাকা পাঠানো হচ্ছে, আপনি অফিস খরচের জন্য বিকাশ-এর মাধ্যমে এই নম্বরে এখনই ১৫ হাজার টাকা পাঠান।’ সঠিক ভেবে তাঁরা গত সোমবার টাকা পাঠিয়ে আবার যোগাযোগ করেন৷
এবার ধন্যবাদ জানিয়ে আরেকটি ফোন নম্বর দিয়ে বলা হয়‍, ‘স্যারের সঙ্গে একটু কথা বলেন।’ কথামতো ওই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘টাকা অবশ্যই যাবে৷ তবে আমাকেও একটু সন্তুষ্ট করতে হবে।’ এ সময় আরও ২০ হাজার টাকা ওই নম্বরে পাঠাতে বলা হয়। এতে সন্দেহ হলে শিক্ষকেরা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানান এবং এরপর প্রতারিত হওয়ার বিষয়টি তাঁরা নিশ্চিত হন।
ওই চিঠির শেষে এম আশরাফুল আলম চৌধুরী (ডিএস), প্রকল্প পরিচালক (প্রমোট, দ্বিতীয় প্রকল্প) লেখা রয়েছে। প্রতিষ্ঠানপ্রধানদের বরাবরে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং ইউরোপীয় কমিশনের (ইসি) যৌথ উদ্যোগে প্রচলিত প্রমোট (মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন, দ্বিতীয় প্রকল্প) আপনার বিদ্যালয় উন্নয়নের জন্য এককালীন কিছু আর্থিক সাহায্য করিতে ইচ্ছুক। ইসি আপনার বিদ্যালয়ের উন্নয়নে সর্বদা প্রস্তুত। চিঠি পাওয়া মাত্র মোবাইলে (০১৫৫৬৫৫৮৩১৩) কথা বললে বাধিত হব। আপনাকে ধন্যবাদ।’
চিঠিতে উল্লেখ করা নম্বরে গত বুধবার বিকেলে ফোন করা হলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে এম আশরাফুল আলম চৌধুরী, প্রমোটের প্রকল্প পরিচালক বলে পরিচয় দেন। কথা বলার এক পর্যায়ে প্রথম আলোর এই প্রতিনিধি পরিচয় দিয়ে কথা বলতে চাইলে ওই ব্যক্তি ফোনের সংযোগ কেটে দেন।
বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রমোটের নামে আর্থিক বরাদ্দের বিষয়ে পাঠানো ওই চিঠি ভুয়া। টাকা হাতিয়ে নিতে প্রতারক চক্রের এটি নতুন ফাঁদ। এম আশরাফুল আলম চৌধুরী নামের প্রমোটের কোনো কর্মকর্তা নেই। এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয় উন্নয়নের জন্য এককালীন আর্থিক বরাদ্দের নামে ডাকযোগে পাঠানো ওই চিঠি গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা শুরু হয়। ইতিমধ্যে উপজেলার মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ওই চিঠি হাতে পেয়েছেন। বুধবারও বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়, পাঠানপাড়া উচ্চবিদ্যালয়, লালদীিঘ হাইস্কুল, বৈরামপুর উচ্চবিদ্যালয় ও কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ে ওই চিঠি আসে।
পাঠানপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ‘প্রমোটের প্যাডে লেখা ওই চিঠি পেয়ে মুঠোফোনে যোগাযোগ করি। বিদ্যালয় উন্নয়নের জন্য আড়াই লাখ টাকা পাঠানো হচ্ছে—এমন কথা বলে আমাকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা দিতে বলা হয়। এতে সন্দেহ হওয়ায় আমি টাকা পাঠাইনি।’