সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জন্য সংহতি মঞ্চ’। মঞ্চের নেতারা ওই স্কুলের অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধর ও তাঁর সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন।গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি মঞ্চ আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী, ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সমাবেশে সংহতি প্রকাশ করেন।সমাবেশে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজে ভীষণভাবে পচন ধরেছে। ছাত্রী যেখানে সবচেয়ে নিরাপদে থাকবে, সেখানেই ছাত্রী নিরাপদ নয়। শুধু একজন শিক্ষককে শাস্তি দিয়ে সমাজের এ ব্যাধির প্রতিরোধ করা যাবে না। এ আন্দোলনকে বড় আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি কোচিং ব্যবসা উচ্ছেদের জন্য শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম বলেন, নারী ধর্ষণের শিকার হলে তার পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হয়, নারীর পোশাক পুরুষকে ধর্ষণের উসকানি দিয়েছে। এ ধরনের নির্যাতন বন্ধ করার আন্দোলনে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।নাট্যকার মামুনুর রশীদ বলেন, এর আগেও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। প্রতিবাদও হয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিযুক্ত ছাত্রদের বিচার হয়নি। অভিযুক্তদের সঙ্গে রাষ্ট্রক্ষমতায় যাঁরা থাকেন, তাঁদের যোগসাজশ ঘটে যায়।ইংরেজি দৈনিক নিউএজ-এর সম্পাদক নূরুল কবীর প্রচলিত সমাজের ‘ট্যাবু’ ভেঙে সাংস্কৃতিক ঝুঁকির মধ্যেও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট ছাত্রী ও তার পরিবারকে ধন্যবাদ জানান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং কেন দরকার হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ভয়াবহতার কথাও তিনি তুলে ধরেন।ওই প্রতিষ্ঠানের শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘সন্তানতুল্য ছাত্রীকে শিক্ষক ধর্ষণ করেছেন, সে জন্য পুরুষ শিক্ষক হিসেবে লজ্জা পাচ্ছি। আর ভাবছি, এ ধরনের ঘটনার শিকার তো আমার মেয়েও হতে পারত।’ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষার্থী বলে, ‘শিক্ষামন্ত্রী আমাদের কাছে আসেননি। কিন্তু বলছেন, এ আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। আমাদের কি বিবেক নাই? অন্যদিকে, রাশেদ খান মেনন বিদেশে চলে গেলেন। তিনি যদি আন্তরিক হতেন, তাহলে বিদেশ থেকেই পদক্ষেপ নিতেন। কিন্তু তিনি তা করেননি।’ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, স্কুলের ছাত্রীদের প্রতিবাদে অংশ নেওয়া একটি আশাবাদী ঘটনা। কেননা, তারা প্রতিবাদের দরজা খুলে দিয়েছে। সমাবেশে শিক্ষক নূর মোহাম্মদ, আকমল হোসেন, নাসিম আখতার হোসাইন, জোবায়দা কণা, রেহনুমা আহমেদ, নারীপক্ষের সদস্য হাবিবুন নেছা, শ্রমিকনেত্রী মোশরেফা মিশু প্রমুখ বক্তব্য দেন।