শিক্ষাপ্রতিষ্ঠানে রমজান ও ঈদের ছুটি কমল ছুটি শুরু ২৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুলাই থেকে এই ছুটি শুরু হবে। ছুটি থাকবে ১২ আগস্ট পর্যন্ত। আগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এই ছুটি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার ছুটির তালিকা সংশোধন করে শিক্ষাপঞ্জি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, গত কয়েক মাসে বিভিন্ন কারণে অনির্ধারিতভাবে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ছুটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেই এই দাবি এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, যানজটের কথা বিবেচনায় নিয়ে পবিত্র রমজান মাসের শুরু থেকেই ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিরোধী দলসহ বিভিন্ন সংগঠনের ডাকা হরতালসহ রাজনৈতিক সহিংসতায় এবার ক্লাস-পরীক্ষা পিছিয়ে গিয়ে শিক্ষাপঞ্জি ওলট-পালট হয়ে গেছে। এ ছাড়া যানজট বেশি কেবল ঢাকা ও চট্টগ্রামে। সারা দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ কারণে আগেভাগে ছুটি হতে পারে না। এসব বিষয় মাথা রেখেই ছুটি কমিয়ে আনা হয়েছে।