শিক্ষাপ্রতিষ্ঠানে শাস্তির বিষয়ে পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ
চলতি বছরের গত মার্চ থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক শাস্তির বিষয়ে নেওয়া পদক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দায়ের করা রিট মামলায় গতকাল সোমবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়। একইসঙ্গে ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী সারা হোসেন ও অবন্তি নুরুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী কাজী মইনুল হাসান।সরকারপক্ষের শুনানিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শাস্তি নিষিদ্ধ করে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা ও শিক্ষকদের জন্য প্রশিক্ষণ নির্দেশিকা তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।