শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শাস্তি এখনো বন্ধ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের রায় সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ হয়নি এখনো। শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথভাবে সচেতন করার মাধ্যমেই এটা বন্ধ করা সম্ভব। সে জন্য সরকার, বেসরকারি সংগঠনের পাশাপাশি গণমাধ্যমকেও বড় ভূমিকা পালন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ‘শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নে সংবাদমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। নগরের একটি হোটেলে এ সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শাস্তি ছাড়া শিক্ষা হয় না—এ রকম সামাজিক ধারণাও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর ওপর নির্যাতনের একটি কারণ। বিশেষ করে, অনেক মাদ্রাসায় এখনো শিশুদের কারাবন্দীর মতো জীবনযাপন করতে হয়। শিশুদের শাস্তি দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে হবে।
বক্তারা বলেন, শিশুর ওপর শাস্তি বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দায়িত্ব সমাজের সবার। এ ছাড়া শিশুর শাস্তি বন্ধে প্রচলিত অনেকগুলো আইন সংশোধন বা বাতিল করা প্রয়োজন। শিশুর নিরাপদ ভবিষ্যতের জন্য শিশুবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. কামালউদ্দিন, বেসরকারি সংগঠন ‘মমতা’র নির্বাহী পরিচালক রফিক আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ফয়েজউল্লাহ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ব্লাস্টের চট্টগ্রাম ইউনিটের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী।
সভায় শিশুদের ওপর শাস্তি বন্ধে ব্লাস্টের বিভিন্ন কার্যক্রমের বিষয়ও তুলে ধরা হয়।