সংখ্যালঘুদের অধিকার, বৈচিত্র্য, বহুমুখিতা, আন্তসম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার মতো বিষয়গুলো পাঠ্যপুস্তকে গুরুত্ব পাচ্ছে না। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মশিক্ষা, সমাজবিজ্ঞান ও ইতিহাসের ৩৫টি পাঠ্যবই নিয়ে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল শনিবার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুবান্ধব পরিবেশ তৈরি ও একীভূত শিক্ষাবিষয়ক অ্যাডভোকেসি সভায় ওই প্রতিবেদন তুলে ধরা হয়। বেসরকারি সংস্থা অধিকার রাজধানীর স্প্রেকট্রা কনভেনশন সেন্টারে এর আয়োজন করে।সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হয়। শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান এবং জাতীয় জীবনে প্রত্যেক স্তরে মানব গঠনের চিন্তাধারা, দেশের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধ টিকিয়ে রাখা। এ উদ্দেশ্য অর্জনের অন্যতম পন্থা হলো একীভূত শিক্ষাব্যবস্থা।গবেষণায় পাঠ্যবইগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে ভালো বা খারাপ দিকগুলো কীভাবে তুলে ধরা হয়েছে, তা দেখানো হয়। এতে দেখা যায়, ধর্মীয় পাঠ্যবইগুলোর ক্ষেত্রে যে ধর্মের বই, শুধু সে ধর্ম সম্পর্কেই আলোচনা করা হয়েছে। অন্য আরও যেসব ধর্ম আছে, সে বিষয়ে শিক্ষার্থীদের কিছু জানানোর চেষ্টা করা হয়নি। কওমি মাদ্রাসার ধর্মশিক্ষার পাঠ্যবইয়ে চারটি আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু কোরআন ছাড়া অন্য কোনোটি নিয়ে কোনো আলোচনা করা হয়নি। ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে খ্রিষ্টান ধর্মশিক্ষা পাঠ্যবইয়ে শুধু খ্রিষ্ট ধর্ম সম্পর্কেই বলা আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত গ্রেড-৩-এর ধর্মীয় শিক্ষা পাঠ্যবইয়ে ধর্ম, বর্ণ, জাতিগত ভেদাভেদ ছাড়া শান্তিপূর্ণভাবে বসবাসের বিষয়ে তেমন কোনো পাঠ অন্তর্ভুক্ত করা হয়নি। স্কলাস্টিকা স্কুলে একটি ইতিহাস বই পড়ানো হয়, যেখানে ধর্মীয় নেতা হিসেবে কনফুসিয়াস ও গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু হজরত মুহাম্মদ (সা.)সহ অন্যদের বিষয়ে কোনো কিছুই বলা হয়নি।সভার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘সংবিধানে একীভূত শিক্ষার কথা বলা আছে, কিন্তু আমরা তা করতে পারছি না।’ শিক্ষা ক্ষেত্রে সংখ্যালঘুদের বৈষম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকায়ও দলিতরা সাধারণ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকতে পারে না। পরিচ্ছন্নতাকর্মীর সন্তানেরা বৈষম্যের শিকার হয়।সভায় অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, অধিকারের সভাপতি সি আর আবরার প্রমুখ বক্তব্য দেন।