শিক্ষাপ্রতিষ্ঠানে সততা সংঘ গড়তে দুদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ গড়ার অনুরোধ জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধানদের চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অ্যাসেম্বলিতে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করতেও বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, সততা, নিষ্ঠাবোধ ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা কার্যক্রমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থী ও তিন থেকে পাঁচজন শিক্ষকের সমন্বয়ে সততা সংঘ গঠন করতে বলা হয়েছে।
বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন জানান, দুদকের পক্ষ থেকে তিনি গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি চিঠি ডাকযোগে পেয়েছেন। এর চার মাস আগেও অনুরূপ একটি চিঠি পেয়ে তিনি সততা সংঘ গঠন করে দুদকে পাঠিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের ওই চিঠি বদরগঞ্জ উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ইতিমধ্যে হাতে পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তরুণ প্রজন্মকে সততা, নিষ্ঠাবোধ ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সততা সংঘ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন, ‘শিক্ষার্থীদের আদর্শের শিক্ষা দিতে তো কোনো বাধা নেই। তবে নিজেরা আদর্শবান হয়ে পরামর্শ দিলে শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে তা গ্রহণ করে।’