শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতির পদ ফেরত চান সাংসদেরা। তাঁদের আবারও এই পদে বসানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় আপিল করেছে।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
গত ১ জুন হাইকোর্ট এক রায়ে সাংসদদের শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করেন। এর ফলে তাঁদের সভাপতি পদে মনোনীত হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। এ নিয়ে সংসদের বাজেট ও তার পরের অধিবেশনে সাংসদেরা ক্ষোভ প্রকাশ করেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ আগস্ট থেকে এই রায় কার্যকর হয়েছে।
গতকাল সংসদীয় কমিটির বৈঠকে অনুমোদিত কার্যবিবরণীতে বলা হয়েছে, সাংসদেরা যাতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির পদ গ্রহণ করতে পারেন, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়। জবাবে মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন বলেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
গতকালের বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে সভাপতি আফছারুল আমিন বলেন, যেহেতু মন্ত্রণালয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কমিটি নিয়ে হাইকোর্টের নির্দেশের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ নেই।
জানতে চাইলে কমিটির সদস্য হাছান মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির পদ ফিরে পাওয়ার দাবিটি সব সাংসদের। যে কারণে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বলেছিল। সে অনুযায়ী মন্ত্রণালয় আপিল করেছে। ৩০ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের জমা হওয়া অবসরভাতার আবেদন নিষ্পত্তির জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা দরকার। চলতি অর্থবছরে অর্থ মন্ত্রণালয় থেকে ৬৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দ হওয়া টাকা এখনো তহবিলে জমা হয়নি।
মন্ত্রণালয় আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয় ২৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ২৩ হাজার ৩৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিষয়ক সামগ্রী বিতরণ করেছে। ৬ হাজার ৫০৬টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ ফ্রি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩১ হাজার ৩৪০টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরি করে ৫ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
আফছারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল কুদ্দুস, হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।