প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আকৃষ্ট করতে পাঠ্যক্রমের বোঝা কমানোর জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরকে পাঠ্যবই ও পাঠ্যক্রমের অতিরিক্ত বোঝা হ্রাসে পদক্ষেপ নিতে হবে। কারণ, এই অতিরিক্ত চাপ স্কুলগামী শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে। খবর বাসসের।প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনাদের সজাগ থাকতে হবে যেন বই ও পাঠ্যক্রমের বোঝার কারণে শিশুরা স্কুলে যেতে নিরুৎসাহিত না হয়।শিশুদের মায়েদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে প্রধানমন্ত্রী সন্তানের মানসিক বিকাশের জন্য নিজেদের মধ্যে এ ধরনের প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীতে কোনো শিশু কোনো কিছু একইভাবে ধারণ করার গুণ ও ক্ষমতা নিয়ে জন্মায় না।ঝরে পড়া বন্ধে স্কুলে টিফিনের ব্যবস্থা করার উদ্যোগের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাবেক ছাত্র ও সমাজের বিদ্যোৎসাহী ব্যক্তিরা তাঁদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করতে পারেন।শিক্ষকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে তাঁর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শিক্ষকদের ভালো মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার শিক্ষকদের সামাজিক মর্যাদা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। শিক্ষার হার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশে শিক্ষার বিদ্যমান ৫৩ শতাংশ হার আরও বাড়ানোর সার্বিক ব্যবস্থা নিয়েছে।শিক্ষা বিস্তারে সরকারের পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন, ভর্তিবাণিজ্য বন্ধ করতে সরকার রাজধানীতে আরও ১১টি বিদ্যালয় প্রতিষ্ঠা করবে। পাশাপাশি শতভাগ ভর্তি নিশ্চিত করতে দেশব্যাপী আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। সরকার স্কুলশিক্ষার্থীদের মধ্যে ২৩ কোটি বই বিতরণ করেছে এবং স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নিয়েছে ।শিক্ষকদের আয়কর দেওয়া থেকে অব্যাহতির আবেদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে সবাইকে আয়কর দিতে হবে। আয়কর দেওয়ার ব্যাপারে আপনাদের সবার মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনারা আয়কর না দিলে আমরা দেশের উন্নয়ন করব কীভাবে?’ অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব ও ট্রাস্টের চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী, সদস্যসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নোমান-উর রশিদ অনুষ্ঠানে বক্তব্য দেন। বাসস।