শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম কাগজে-কলমেই
স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কক্সবাজারের মহেশখালী উপজেলার স্বাস্থ্যকর্মীরা তা পালন করছেন না। প্রতি মাসের প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে স্বাস্থ্যশিক্ষা দিচ্ছেন বলে উল্লেখ করলেও তাঁরা কেউই কাজটি করছেন না। এতে স্বাস্থ্যশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার স্কুলগুলোর শিক্ষার্থীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৩২ জন স্বাস্থ্য সহকারী রয়েছেন। আর মাঠপর্যায়ে তদারক করার জন্য নয়জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও তিনজন স্বাস্থ্য পরিদর্শক রয়েছেন। প্রতি মাসে স্বাস্থ্য সহকারীকে কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার নিয়ম রয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের কার্যালয় থেকে জানা গেছে, গত মাসে স্বাস্থ্যকর্মীদের মাসিক প্রতিবেদনে ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যশিক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু কোনো স্বাস্থ্যকর্মীই এ দায়িত্ব পালন করেননি বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন।মহুরিঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহামঞ্চদ হোছাইন বলেন, স্বাস্থ্যশিক্ষা দিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো স্বাস্থ্যকর্মী এখানে আসেননি। ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহামঞ্চদ শহিদুল্লাহ বলেন, ‘স্কুল পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা দেওয়া হচ্ছে, তা এই প্রথম আপনার কাছ থেকে জানলাম। আগে কোনো দিন শুনিনি।’ চালিয়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের বলেন, কৃমিনাশক ওষুধ খাওয়ানোর জন্য স্বাস্থ্যকর্মীরা মাঝেমধ্যে স্কুলে আসেন। কিন্তু তাঁরা কখনোই শিশুদের স্বাস্থ্যশিক্ষা দেননি বলে জানান তিনি।উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের দায়িত্বে থাকা ছৈয়দ মো. ইদ্রিচ বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রতি মাসে একটি প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ডায়রিয়া, কৃমিসহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যশিক্ষা দেওয়ার কথা। কিন্তু অনেকেই কাগজে-কলমে দেখান, তাঁরা দায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবে তা করছেন না। এ কারণে গত দুই মাসে চারজন কর্মীকে কৈফিয়ত তলব করা হয়েছে। ছৈয়দ মো. ইদ্রিচ বলেন, সরকার যাতায়াত ভাতা না দেওয়ার কারণে মাঠপর্যায়ে এসব তদারক করা সম্ভব হচ্ছে না। আর এ সুযোগে স্বাস্থ্যকর্মীরা ফাঁকি দিচ্ছেন।মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মাবুদ বলেন, গ্রাম পর্যায়ে সপ্তাহে দুই দিন স্বাস্থ্যশিক্ষার ব্যাপারে স্বাস্থ্যকর্মীরা জনগণকে উদ্বুদ্ধ করছেন। তাঁদের প্রতি মাসে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যশিক্ষা দেওয়ার কথা। তাঁরা এ দায়িত্ব পালন করছেন না—কেউ এমন অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।