শিক্ষাপ্রতিষ্ঠানের টাকায় চট্টগ্রাম বোর্ডের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টাকায় চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার কেন্দ্রসচিবদের মতবিনিময় সভার আয়োজন করেছে। বোর্ডের ইতিহাসে এবারই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় এই সভার ব্যবস্থা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের নৌবাহিনী স্কুল ও কলেজ মিলনায়তনে এই সভা হওয়ার কথা। এই শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ড থেকে আগত কর্মকর্তাদের যাতায়াত এবং আপ্যায়নের পুরো খরচ বহন করবে। বোর্ড সূত্রে জানা যায়, প্রতিবছরই এসএসসি পরীক্ষা উপলক্ষে বোর্ডের কাছাকাছি দূরত্বের শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় যাবতীয় আপ্যায়নের ব্যয় বহন করা হয় বোর্ডের নিজস্ব তহবিল থেকে। এবারই এর ব্যতিক্রম ঘটল। এ ব্যাপারে চট্টগ্রাম বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নৌবাহিনী স্কুল ও কলেজ কর্তৃপক্ষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতার কথা বলেছে। এতে সমস্যার কিছু নেই।’ বোর্ডের কর্মচারী ইউনিয়নের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বোর্ড প্রতিষ্ঠার প্রায় ১৬ বছরের ইতিহাসে তাঁরা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন হতে দেখেননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, এভাবে কোনো প্রতিষ্ঠান থেকে সহযোগিতা নেওয়া হলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বোর্ডের মর্যাদা ক্ষুণ্ন হয়। তা ছাড়া বোর্ড আর্থিকভাবে দুর্বল কোনো প্রতিষ্ঠান নয়। চট্টগ্রাম বোর্ডের কোনো আর্থিক সমস্যা আছে কি না, জানতে চাইলে হিসাব ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক মো. মঈন উদ্দিন বলেন, বোর্ডের কোনো আর্থিক টানাপোড়েন নেই। নৌবাহিনী স্কুল ও কলেজ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কেন্দ্রসচিব এবং বোর্ডের কর্মকর্তাদের আনা-নেওয়ার জন্য চারটি বাসের ব্যবস্থা করা হয়েছে। কলেজের অধ্যক্ষ মীর গোলাম সবুর বলেন, ‘মতবিনিময় সভায় আসা অতিথিদের যাতায়াত এবং সামান্য ডাল-ভাতের ব্যবস্থা করেছি আমরা। এখানে আড়াই শ থেকে তিন শ জনের খাওয়ার ব্যবস্থা থাকবে।’ মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলা ও সন্দ্বীপ উপজেলা, কক্সবাজার জেলা, চট্টগ্রাম জেলা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম মহানগরের ১৫২টি পরীক্ষাকেন্দ্রের সচিব, তাঁদের প্রতিনিধি এবং বোর্ডের ১১৫ জন কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে।