শিক্ষাপ্রতিষ্ঠানের নামে কৌশলে জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নামে সরকারি জমি, আদিবাসী ও হিন্দুদের শ্মশানসহ আশপাশের এলাকার বিভিন্ন ব্যক্তির জমি দখল এবং দেয়াল দিয়ে খালের গতি পরিবর্তন করে অন্যের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।জমি দখলের অভিযোগ নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন ও মৌজা হেডম্যান। শ্মশান দখলের ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিলন কান্তি পালিত কাউখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বড়ুয়া গত বুধবার ওই এলাকা পরিদর্শনে গিয়ে শ্মশানের মাটি কাটা ও পাশের খালে বাঁধ নির্মাণের সামগ্রী আটক করেছেন।জেলা প্রশাসনের ভূমি শাখার নথিতে দেখা যায়, ২০০৩-০৪ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা মো. মুছা চৌধুরী দুই দফায় রাজা মিয়ার কাছ থেকে কাউখালী উপজেলার গদারপাড় এলাকার ২০ একর ৪৫ শতক জমি কেনেন। পরে ওই জমিতে তিনি সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। তবে বর্তমানে সৃজনী ট্রাস্টের নামে দখল করা জমির পরিমাণ কমপক্ষে ৫০ একর বলে স্থানীয় ব্যক্তিরা দাবি করেছেন।এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর আশপাশের এলাকার বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি শুরু হয়। স্থানীয় বাসিন্দা আমির হামজা (৫২), কবীর আহমদের (৬৫) জমিসহ বন বিভাগের জমি দখল করা হয়। প্রায় এক বছর আগে কবীর ও আমিরকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয় বলেও তাঁরা অভিযোগ করেন। এ ছাড়া আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকাছাড়া করা হয়েছে। তবে মুছা চৌধুরীর দাবি, গাছ চুরির মামলায় তাঁরা জেল খেটেছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে ডাক্তার ছোলাপাড়া, মাঝখানে রয়েছে বড়ইছড়ি খাল। ওই পাড়ার বাসিন্দা মো. ওসমান গনি (৪৫) অভিযোগ করেন, গতি পরিবর্তন করে তাঁর জমি ও বসতবাড়ির ক্ষতি করার উদ্দেশ্যে খালে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এর আগে তাঁদের বসতভিটা ঘিরে সীমানাস্তম্ভ বসানোর চিহ্নও দেখা গেছে। একই গ্রামের বিধবা জেসমিন আক্তার (৩৫) অভিযোগ করেন, তাঁর স্বামীর নামে বন্দোবস্ত দুই একর জায়গা সৃজনী ট্রাস্টের বলে দাবি করে দখলের চেষ্টা চালানো হচ্ছে। সৃজনীর পুব পাশে কবীর আহমদের বসতভিটা দেয়াল দিয়ে দখলে নেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে বন বিভাগের বাগান ও আমির হামজার বসতভিটাও দখল করা হয়েছে।এলাকাবাসীর অভিযোগ, কয়েক দিন আগে সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সীমানা দেয়াল থেকে প্রায় ২০ ফুট দূরে অবস্থিত স্থানীয় আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের বহু পুরোনো শ্মশানটি নিজেদের দাবি করেন সৃজনীর কেয়ারটেকার মো. নেজাম উদ্দিন। তিনি কয়েকজন শ্রমিক নিয়ে শ্মশান ভরাট ও পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ইছড়ি খালে বাঁধ দেওয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা বাধা দেন। মৌজা হেডম্যান অংসি প্রু চৌধুরী জায়গাটিকে সামাজিক মালিকানাধীন শ্মশানভূমি বলে নিশ্চিত করেছেন।শ্মশান দখলের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি পালিত ১৩ আগস্ট কাউখালী থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার ওসি শ্যামল কান্তি চৌধুরী ওই এলাকা পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার ওসি সৃজনী ট্রাস্টের সভাপতি মো. মুছা চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির জায়গা ও শ্মশান দখলের অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু দাউদ মো. গোলাম মোস্তাফা জানান, কমপক্ষে ১০ একর সরকারি জমি সৃজনী ট্রাস্টের দখলে রয়েছে। দুই বছর আগে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. মুছা চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, যেসব জায়গা তিনি দখলে নিয়েছেন, সেগুলো তাঁরই। ক্রয়সূত্রে তিনি এসব সম্পত্তির মালিক।