শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে আবর্জনার কনটেইনার

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে হারমেন মেইনার স্কুলের পাশে প্রধান সড়কের ওপর আবারও ময়লা-আবর্জনার দুটি কনটেইনার বসানো হয়েছে। ভোর থেকে প্রায় সারা দিন এসব কনটেইনারে আবর্জনা ফেলা হয়। কনটেইনার দুটিকে কেন্দ্র করে সব সময়ই রাস্তায় থাকছে ময়লাবাহী ভ্যান ও ট্রাক। হারমেন মেইনার ছাড়াও ওই পথে স্কলাস্টিকা স্কুল ও বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুলের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, তিনটি রিকশাভ্যান থেকে কনটেইনারে আবর্জনা ফেলা হচ্ছে। কর্তব্যরত পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, স্কুলের পাশে ব্যস্ত রাস্তার ওপর কেন আবর্জনা আনা-নেওয়ার কাজ করার ব্যবস্থা হয়েছে, তাঁরা তা জানেন না।
১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাষানটেকের আবর্জনা এখানে এনে জমা করে এখানকার কনটেইনার দুটিতে ফেলা হয়। অনেক সময় আবর্জনা উপচেও পড়ে। কনটেইনার বহনের জন্য আনা হয় ট্রাক।
দুর্গন্ধ ঠেকাতে গতকালও বন্ধ দেখা গেছে হারমেন মেইনার স্কুলের রাস্তামুখী জানালাগুলো। শিক্ষার্থীরা দুর্গন্ধে অসুস্থ বোধ করছিল। পথচারীরা চলছিলেন নাকে রুমাল চেপে।
বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুলের শিক্ষার্থী প্রজ্ঞা দেবনাথ মায়ের সঙ্গে ওই পথেই যাতায়াত করে। সে জানায়, আবর্জনার গন্ধে তার ও সহপাঠীদের বমি আসে। তার মা রাখী দেবনাথ প্রশ্ন করেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে ময়লা ডাম্প করার ব্যবস্থা পৃথিবীর অন্য কোথাও আছে কি?’
ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা এর আগে প্রথম আলোকে বলেছিলেন, কনটেইনার রাখার আগের জায়গা নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আপাতত হারমেন মেইনার স্কুলের কাছে রাখা হয়েছিল। ভবিষ্যতে ব্যস্ত রাস্তার ওপর না রাখারও চেষ্টা করা হবে। গতকাল তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।