শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠছে ইটভাটা
দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রায়গপুর ইউনিয়নের খয়েরপাড়া গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই তৈরি করা হচ্ছে ইটভাটা। এই ভাটার পাশেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান, চারপাশে কৃষিজমি ও অন্তত ৫০০-৬০০ ঘর রয়েছে। ইটভাটাটি চালু হলে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণের আশঙ্কা করছেন এলাকাবাসী। জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত মাসে করা গ্রামবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, খয়েরপাড়া গ্রামে তিনফসলি জমিতে এই ভাটা করা হচ্ছে। বিরামপুর শহরের মোহাম্মদপুর মহল্লার হবিবর রহমান এই ভাটাটি তৈরি করছেন। যেখানে ভাটা করা হচ্ছে, তার ২০০ গজ আগে খয়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আধা কিলোমিটার দূরে পলিপ্রায়গপুর মাদ্রাসা। এ ছাড়া চারপাশে রয়েছে তিনফসলি জমি ও বাড়িঘর। গ্রামবাসী পরিবেশ রক্ষায় গ্রামে ইটভাটা করার অনুমতি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, ভাটার জন্য মাটি কেটে স্তূপ করার কাজ চলছে। ভাটামালিক হবিবর রহমান প্রায় ২০ জন চাষির কাছ থেকে জমির ইজারা নিয়ে সেখানে ভাটা করছেন। খয়েরপাড়া গ্রামের কৃষক আনছার আলী, মোজাহার আলী, রহিম মণ্ডলসহ অনেকেই বলেন, গ্রামের দক্ষিণ পাশে আগে থেকেই তিনটি ভাটা আছে। সেগুলোর কারণে গ্রামে বাস করা এমনিতেই দুষ্কর। ভাটার গাড়ি চলাচলের কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। খয়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এখানে ভাটা করা হলে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জলধর চন্দ্র রায় বলেন, গ্রামে দুটি ভাটা আছে। আরও একটি হচ্ছে। ভাটার কারণে দুটি গ্রামের মানুষের বসবাস এবং চলাচলের কষ্টের কথা উল্লেখ করে তিনি তিনটি ভাটাই বন্ধের দাবি জানান।খয়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাকিম উদ্দিন সরকার বলেন, এলাকার পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা নির্মাণ বন্ধের জন্য কৃষকেরা সম্মিলিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মো. হাফিজুল্লাহ খান বলেন, ‘ভাটা নির্মাণ বন্ধের দাবিতে কেউ তাঁর কাছে লিখিত আবেদন করেননি।’পরিবেশ অধিদপ্তর, রংপুর ও রাজশাহীর বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, ‘পরিবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করে কোনো ইটভাটা নির্মাণের অনুমতি দেওয়া হবে না।’ ভাটামালিক হবিবর রহমান জানান, তিনি যে ধরনের ভাটা করবেন তা পরিবেশের কোনো ক্ষতি করবে না। তিনি দাবি করেন, বাংলাদেশের ৯৫ শতাংশ ইটভাটা ফসলি জমিতে। তাই ওই গ্রামে ইটভাটা তৈরিতে কোনো সমস্যা থাকার কারণ নেই।