শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ শৌচাগার ব্যবহারের অনুপযোগী
ঢাকা শহরের প্রায় শতভাগ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বুধবার বেলা ১১টায় কলাবাগানে পবা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একটি জরিপের আলোকে এ তথ্য উপস্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুস সোবহান।
সংবাদ সম্মেলনে জরিপের মূল বক্তব্য উপস্থাপনায় আবদুস সোবহান বলেন, ঢাকা মহানগরের ২৭টি গণশৌচাগার, ১৫টি সরকারি অফিস, ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি হাসপাতাল ও ৭টি মার্কেটের শৌচাগার নিয়ে জরিপ ও পর্যবেক্ষণ করেছে পবা। জরিপের ফলাফল অনুযায়ী প্রায় শতভাগ সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শৌচাগার ব্যবহারের অনুপযোগী। অথচ শিক্ষার্থীরা দিনের অধিকাংশ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যয় করে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৌচাগার পরিষ্কার ও ব্যবহারের উপযোগী রাখা দরকার। এ ছাড়া এসব স্থানে নারীদের শৌচাগার ব্যবহারে নিরাপত্তা ও আলাদা ব্যবস্থা নেই। অধিকাংশ নারী ঘরের বাইরে থাকা অবস্থায় পানি কম পান করেন। ফলে তাঁরা পানিস্বল্পতাজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগেন।
আবদুস সোবহান বলেন, জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের গণশৌচাগার রয়েছে মাত্র ৬০টি। এগুলোর অধিকাংশে ছিটকিনি, পানি, পর্যাপ্ত আলো-বাতাস, বিদ্যুৎ ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের চরম ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি স্থান ছাড়া আর কোথাও প্রতিবন্ধীদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা নেই। অথচ তারা মোট জনসংখ্যার ১০ শতাংশ। এ ছাড়া সরকারি-বেসরকারি অফিসে নারীদের জন্য নেই প্রয়োজনীয় সংখ্যক শৌচাগার। গণশৌচাগারেও নারী কর্মী না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয় নারী ও শিশুদের। হকার, রিকশাচালক, ভিক্ষুক ও ভাসমান মানুষের শৌচাগার ব্যবহারের কোনো ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়েই তাঁরা ফুটপাতের পাশে, পার্কে, লেকে, সড়কের পাশে বিভিন্ন উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করছেন।
সংবাদ সম্মেলনে ওই জরিপের মূল প্রতিবেদন উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। এ সময় পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক হাসান তারিক চৌধুরী, বিসিএসআইআরের খাদ্য ও পুষ্টি বিভাগের পরিচালক ফরমুজুল হক, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।