শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে ফাটল
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট পাইলট উচ্চবিদ্যালয় ও নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
অন্যদিকে দিনাজপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে ফাটল দেখা দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে অফিস করছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয় ভবনের ছয়টি শ্রেণীকক্ষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ছে। শিক্ষার্থীরা জানায়, ক্লাস করার সময় প্রায় দিনই ছাদ থেকে তাদের শরীরের ওপর পলেস্তারা খসে পড়ে। সাভারে ভবনধসের পর তারা শ্রেণীকক্ষে ক্লাস করা বন্ধ করে দিয়েছে। এরপর প্রধান শিক্ষক বিদ্যালয়ের গুদামঘরে পাঠদানের ব্যবস্থা করেন। কিন্তু সেই কক্ষেও ফাটল ধরেছে।
প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান বলেন, ‘আমরা বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছি। বিষয়টি জানানোর পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী আবদুল বারী ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী থানাহাট পাইলট উচ্চবিদ্যালয়ের ভবনটির ছাদে ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে। লোহার রডও বেরিয়ে এসেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষকেরা ঝুঁকিপূর্ণ ওই ভবনটিতেই শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। প্রধান শিক্ষক সিফাউর রহমান বলেন, ‘আমি আর কী বলব, আমার অফিস রুমের যা অবস্থা তা তো আপনারা দেখছেন। নিজেই নিরাপত্তাহীনতায় আছি।’ চিলমারীর ইউএনও মো. মামুন উল হাসান বলেন, শিগগিরই বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু করা হবে।
দিনাজপুর: ৪৭ বছরেও কোনো সংস্কার না করায় দিনাজপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে সাতটি ফাটল দেখা দিয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কুনদিন যে মাথার ওপর ভাঙি পড়ে, আল্লাহ জানে।’
কলেজের শিক্ষক-কর্মচারীরা জানান, গত বছরের মে-জুনে ভূমিকম্পে পুরো প্রশাসনিক ভবনে ফাটল দেখা দেয়। এরপর যত দিন যাচ্ছে ফাটল বড় হচ্ছে। ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে মাথায় পড়ছে। অধ্যক্ষ মো. মোকাররম হোসেন বলেন, ভবনটি মেরামতের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বহুবার লেখা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
দিনাজপুর শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম জানান, শিগগিরই তিনি ভবনটি নিজে দেখতে যাবেন। যদি মেরামত করেই ব্যবহারের উপযোগী করা যায়, তাহলে তা-ই করবেন, অন্যথায় নতুন করে নির্মাণের প্রস্তাব পাঠাবেন।
গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের একমাত্র ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ভবনের সামনের গাছতলায় চলছে পাঠদান। অভিভাবক আবদুল গণি, হাসান ও জাকির হোসেন জানান, সাভারের ভবনধসের পর তাঁদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন। প্রধান শিক্ষক এস এম এ তাহের জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে গাছতলায় পাঠদান করতে হচ্ছে। বিষয়টি ইউএনওকে লিখিতভাবে জানানো হয়েছে। সদ্য বদলি হওয়া ইউএনও মাজেদা ইয়াসমিন জানান, উপজেলা প্রকৌশলীকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।