শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ও সড়কে পশুর হাট
সরকারি পরিপত্রের তোয়াক্কা না করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও দুটি মহাসড়কের পাশে বসছে পশুর হাট। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে বিঘ্ন ও সড়কে যানজট তৈরি হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা অবৈধ এসব হাট ইজারা নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলার একমাত্র স্থায়ী পশুর হাট হচ্ছে সরাইল গরু-মহিষের হাট। তবে তিন-চার বছর ধরে বিভিন্ন ইউনিয়নে আটটি অস্থায়ী পশুর হাট বসানো হচ্ছে। এগুলো ছাড়াই ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে হাট বসানো হচ্ছে। এ বিষয়ে সরকারি পরিপত্র জারি করা হলেও তা মানা হচ্ছে না। নিয়মনীতির তোয়াক্কা না করেই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও মহাসড়কের পাশে পাঁচটি ইউনিয়নে হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অরুয়াইলে, পাকশিমুল ও পানিশ্বরে দুটি করে এবং চুন্টা ও শাহবাজপুরে একটি করে হাটের অনুমতি দেওয়া হয়েছে। এবার ২২ আগস্ট সরকার এক পরিপত্র জারি করে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও মহাসড়কের পাশে পশুর হাট বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়।
সরাইল পশুর হাটের ইজারাদার রতন বক্স ও মাহফুজ আলী বলেন, সরকারি আইন অমান্য করে অনেক স্থানে স্কুল-কলেজের মাঠে ও মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। কালিকচ্ছ বাজারে অনুমতি ছাড়াই সড়কের ওপর বসছে হাট। এভাবে চলতে থাকলে প্রকৃত ইজারাদারেরা ক্ষতিগ্রস্ত হবেন।
স্থানীয় অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের মাঠে পাঁচ-ছয় বছর ধরে বসছে অস্থায়ী পশুর হাট। কলেজটির পরিচালনা পর্ষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বোরহান মিয়ার নামে হাটটি ডাকা হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য বোরহান মিয়ার মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।
পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি বাজারের কথা কাগজে থাকলেও হাট বসছে জয়ধরকান্দি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারের স্থলে হাট বসছে আজবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, গত রোববার পর্যন্ত কলেজ খোলা ছিল। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চলবে আগামী বুধবার পর্যন্ত। হাটে পশু আসতে শুরু করে দুপুর ১২টার পর থেকেই। এ কারণে প্রতিষ্ঠানগুলোয় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেড়তলা নামক স্থানে ও শাহবাজপুর প্রথম গেট এলাকায় বসানো হয়েছে হাট। হাটের দিন ঝুঁকি নিয়ে মহাসড়ক ধরে গরু নিয়ে যাতায়াত করছে শিশুসহ লোকজন। মাঝেমধ্যে গরু-মহিষের কারণে যানজটে আটকে যাচ্ছে দূরপাল্লার গাড়ি। এ ছাড়া কালিকচ্ছ বাজারে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ওপর প্রতি দিনবসছে হাট। ফলে সেখানে সব সময় যানজট লেগেই থাকছে।
জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কাগজে-কলমে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও মহাসড়কের পাশে হাটের অনুমোদন দেওয়া হয়নি। অন্য স্থানের কথা বলে তাঁরা এসব জায়গায় হাট বসাচ্ছেন।