শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধের দাবি
সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শীবনগর ইউনিয়নের ত্রিমহনী নামক এলাকায় নদী থেকে বালু তোলা হয়। ট্রাক্টরগুলো ওই বালু নিয়ে ঘাটপাড়া-শীবনগর সড়ক দিয়ে চলাচল করে। সড়কটির পাশে আদর্শ কলেজপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বরাজারামপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ী কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সহস্রাধিক লোকজন যাতায়াত করে।শিক্ষক ও স্থানীয় লোকজন জানায়, ট্রাক্টর চলাচলের সময় প্রচণ্ড শব্দ হয়। সরু ও আঁকাবাঁকা এ সড়ক দিয়ে চালক ও সহকারীরা বেপরোয়াভাবে ট্রাক্টর চালায়। এ কারণে গত আট মাসে প্রতিষ্ঠানগুলোর সামনে ১০টি দুর্ঘটনা ঘটেছে। এতে কলেজিয়েট স্কুলের ছাত্র আবদুল মালেক, আকলিমা খাতুনসহ চারজন মারা যায় এবং দুই শিশুসহ ছয়জন আহত হয়। উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কটিতে যাতে ট্রাক্টর চলাচল করতে না পারে, সে জন্য শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।