শিক্ষাপ্রতিষ্ঠানকে অসুস্থ রাজনীতি থেকে মুক্ত রাখার ডাক
দেশের রাজনীতি যখন কলুষিত হয়, তখন ছাত্ররাজনীতিও রুগ্ণ হয়ে পড়ে। কিন্তু সুস্থ ছাত্ররাজনীতিই জাতীয় রাজনীতিকে সুস্থ করতে পারে।
শহীদ মধুসূদন দের (মধুদা) ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
স্মরণসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের রাজনীতি যদি রুগ্ণ হয়ে পড়ে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানও এর বাইরে থাকে না। দেশের রাজনীতিতে আজ পচন ধরেছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানকে অসুস্থ রাজনীতির চর্চা থেকে মুক্ত রাখতে হবে।
ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম বলেন, সন্ত্রাস ও ছাত্ররাজনীতি একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থেকে ছাত্ররাজনীতিকে মুক্ত করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রমুখ। বক্তারা অপরাজনীতি বন্ধে ডাকসু নির্বাচনের দাবি করেন। স্মৃতিচারণা করেন মধুদার ছেলে অরুণ কুমার দে। মধুদার প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর জাতীয় সংগীত গেয়ে ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে স্মরণসভা শুরু হয়।