ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন
শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান
শিক্ষাবাণিজ্যের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২৯তম সম্মেলন। ‘পুঁজিবাদ সাম্প্রদায়িকতায় ক্ষতবিক্ষত বর্ণমালা, জোট বাঁধো রক্ষা কর বিশ্বজোড়া পাঠশালা’ এই স্লোগান সামনে রেখে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা শিরীন বানু। এ সময় তিনি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ চেতনা অর্জনের জন্য কাজ করার আহ্বান জানান। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ সমাজে বিদ্যমান বৈষম্য দূর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে আলো ছড়ানোর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার আহ্বান জানান। সংসদের সাধারণ সম্পাদক হাসান তারেক শিক্ষার সব ক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ অসাম্প্রদায়িক ও সুস্থধারার ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার জন্য সাধারণ ছাত্রদের প্রতি আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তারেক সোহেল। স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মারুফ বিল্লাহ। আজ কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বাছাই করা হবে।