শিক্ষাবিদ আবুল ফজলের ১১৩তম জন্মবার্ষিকী আজ
শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সাহিত্যিক আবুল ফজলের ১১৩তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ স্মরণসভার আয়োজন করেছে।
উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি চন্দন দাশ বলেন, শুক্রবার সকাল সোয়া ১০টায় আবুল ফজলের সন্তান কবি ও সাংবাদিক আবুল মোমেনের বাসায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।
১৯০৩ সালের ১ জুলাই চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়ায় আবুল ফজলের জন্ম। সত্তরের দশকে আবুল ফজল ছিলেন উদীচীর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। সরকারের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন।
আবুল ফজল বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১২ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। ১৯৮৩ সালের ৪ মে চট্টগ্রামে তিনি মৃত্যুবরণ করেন।