শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিল্লুর রহমান সিদ্দিকী
জিল্লুর রহমান সিদ্দিকী

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। গত বছরের এই দিনে রাজধানীর বনানীর নিজ বাসায় মারা যান তিনি।
আজ বিকেল সাড়ে চারটায় বাংলা একাডেমির শামসুর রাহমান হলে জিল্লুর রহমান সিদ্দিকীর স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শিক্ষকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন শাখায় সপ্রতিভ বিচরণকারী জিল্লুর রহমান সিদ্দিকীর জন্ম ঝিনাইদহে, ১৯২৮ সালের ২৩ ফেব্রুয়ারি। তিনি ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা শুরু করেন ঢাকা কলেজে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে পরপর দুই মেয়াদে ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। ১৯৯০-৯১ সালে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এই শিক্ষাবিদ।
জিল্লুর রহমান সিদ্দিকীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাঙালীর আত্মপরিচয়, শব্দের সীমানা, কোয়েস্ট ফর আ সিভিল সোসাইটি, দ্য কোয়েস্ট ফর ট্রুথ: সেক্যুলার ফিলোসফি বাই আরজ আলী মাতুব্বর, যখন তত্ত্বাবধায়ক সরকারে ছিলাম ইত্যাদি। তিনি স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও আলাওল সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।