শিক্ষাবিদ মুহাম্মদ শাহাব উদ-দীন আর নেই
লালমনিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ শাহাব উদ-দীন (৮৪) গত মঙ্গলবার বিকেলে শহরের সাপটানা বাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মুহাম্মদ শাহাব উদ-দীন রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ কলেজ ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী কলেজের অধ্যক্ষ এবং লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৮৯ সালে যশোরের নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কার্যালয়ের একজন কথিকা পাঠক ও সাহিত্য আলোচক।