শিক্ষাবিদ যতীন সরকারের জন্মদিন আজ

শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক যতীন সরকারের ৮১তম জন্মদিন আজ ১৮ আগস্ট। এ উপলক্ষে তাঁর ‘জন্মদিন উদ্যাপন পর্ষদ’ বিকেল পাঁচটায় নেত্রকোনা শহরের অজহর রোড এলাকায় উদীচী কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।
আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ খায়রুল বলেন, বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে রয়েছে ৮১টি প্রদীপ প্রজ্বালন, সমবেত সংগীত পরিবেশন, বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন, মানপত্র পাঠ ও উত্তরীয় প্রদান, যতীন সরকারের জীবন ও কর্মের ওপর লেখা পাঠ, আলোচনা ও স্মৃতিচারণা। সব শেষে থাকবে কবিতা আবৃত্তি ও নুরু বাউলের গান।
যতীন সরকার ১৯৩৬ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনে যুক্ত। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা ৬০টির বেশি।