শিক্ষাবিষয়ক অভিজ্ঞতা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ইয়াটো থেকে আসা স্কুলশিক্ষার্থীরা গতকাল শনিবার বগুড়া শহরের পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নাচ-গান এবং আড্ডায় মেতে ওঠে। পাশাপাশি তারা তাদের সংস্কৃতি, শিক্ষাপদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করে। ভৌগোলিক অবস্থান, ভাষা ও জাতিগত বিভেদ ভুলে তারা মেতে ওঠে অন্য রকম আনন্দ-উচ্ছ্বাসে।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিয়নের উদ্যোগে ‘ইউনাইটিং দ্য ইয়ং ফ্রেন্ডস ওভারসিজ’ কর্মসূচির আওতায় জাপানের স্কুলশিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ শহরের স্কুল পর্যায়ে শিক্ষা কার্যক্রম দেখতে এবং শিক্ষার্থীদের সঙ্গে সংস্কৃতি ও ভাব বিনিময়ের জন্য এই সফরে আসে।
বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা জাপানি শিক্ষার্থীদের গান গেয়ে শোনায়। ‘ওকি গাড়িয়াল ভাই...’র মতো ভাওয়াইয়া গান শুনে জাপানি শিক্ষার্থীরা মুগ্ধ হয়।
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সফররত জাপানের ইয়াটো শহরের রিৎসু মেইকানউজি স্কুলের শিক্ষার্থীদের দলটি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে শিক্ষার্থীদের ওই দলটি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ ঘুরে পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের ছবি আঁকা দেখে।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজন করা হয় দুই দেশের শিক্ষার্থীদের সংস্কৃতি এবং ভাব আদান-প্রদান অনুষ্ঠানের। অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক, প্রতিষ্ঠানটির পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাদৎ আলম, সহকারী শিক্ষক ইয়াসমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জাপানের শিক্ষার্থীরা জানায়, তারা বাংলাদেশের শিক্ষা-সংস্কৃতি এবং মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা দেখতেই এখানে এসেছে। তারা এখানকার আতিথেয়তায় মুগ্ধ। তারা ফিরে গিয়ে দেশের অন্য শিক্ষার্থীদের কাছে এ অভিজ্ঞতা তুলে ধরবে।