দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেল কলেজে স্নাতক প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০১৬-১৭) অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল বৃহত্তর চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ঢাকার চট্টগ্রাম সমিতি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাঁদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ছাড়া) বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, বাণিজ্য বিভাগে জিপিএ-৪.৫০ ও মানবিক বিভাগে জিপিএ-৪ রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। আবেদন ফরম ১০০ টাকায় ঢাকার তোপখানায় সমিতির অফিস অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখা এবং চট্টগ্রামের আন্দরকিল্লার যমুনা ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া সমিতির ওয়েবসাইট ctgsamitydhaka.org থেকেও ফরম ডাউনলোড করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে উল্লিখিত তথ্যসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ৩০ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বরাবর (চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন, ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০) পাঠাতে হবে। বিজ্ঞপ্তি