শিক্ষাবৈষম্য কমাতে জেএসসি পরীক্ষা ভূমিকা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই জেএসসি পরীক্ষার মূল লক্ষ্য। শিক্ষার গুণগত পরিবর্তন, অর্থবহ পরিবর্তনে এ পরীক্ষা গুরুত্বপূর্ণ। গ্রাম ও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শিক্ষাবৈষম্য কমাতে এ পরীক্ষা ভূমিকা রাখবে।’ দেশে প্রথমবারে মতো গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেটের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বিকেল চারটায় শিক্ষামন্ত্রী সিলেটে পৌঁছে প্রথমে নগরের সরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি দি এইডেড হাইস্কুলের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালিক, পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাব উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ প্রমুখ। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে একান্তে কথা বলেন। অভিভাবকেরা শিক্ষামন্ত্রীকে জেএসসি পরীক্ষা প্রতিদিন এক বিষয়ে নেওয়ার জন্য অনুরোধ করন। অভিভাবকেরা বলেন, প্রতিদিন দুটি বিষয়ে পরীক্ষা দিতে অনেক চাপ অনুভব করছে শিক্ষার্থীরা। জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন। সারা দেশে আনন্দ ও উৎসমুখরতায় পরীক্ষা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে জেএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। দারিদ্র্যের কারণে অনেক শিক্ষার্থী স্কুলপর্যায়েই ঝরে পড়ে। এটা রোধ করতে সরকার দশম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণসহ অন্যান্য পদক্ষেপ নিয়েছে। যার ফলে দেশে শিক্ষার হার বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান শিক্ষা সিলেবাসকে পুরাতন ও যুগোপযোগী নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘এটা পরিবর্তন করে সময়োপযোগী নতুন সিলেবাস তৈরি করা হবে। বর্তমান সরকার অধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার দিকে নজর দিচ্ছে।