শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি
নীলফামারী ও জেলার ডোমারে গতকাল সোমবার স্বাধীনতা শিক্ষক পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষকেরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানান।
গতকাল সকালে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক ও মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিক, সদস্যসচিব খোকা রাম রায়, সদস্য শহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, শিক্ষক নেতা সুধীর চন্দ্র রায় প্রমুখ। বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানান।
ডোমার উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ বেলা ১১টার দিকে উপজেলা শহরে শোভাযাত্রা বের করে। পরে শহরের বাটার মোড়ে পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদের ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহাজাহান সরকার, সাধারণ সম্পাদক তরনীকান্ত রায় প্রমুখ।