চট্টগ্রামে বিভাগীয় শিক্ষক সমাবেশে বক্তারা
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে এমপিওভুক্তির বিড়ম্বনা থাকবে না
বেসরকারি শিক্ষকদের বঞ্চিত রেখে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় যেসব বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। এতে শিক্ষাব্যবস্থার মানও উন্নত হবে। শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে এমপিওভুক্তির বিড়ম্বনা আর থাকবে না।
শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং ছয় দফা দাবিতে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম শাখার উদ্যোগে নগরের জে এম সেন হল প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন, দেশের ৯৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দিয়ে। কিন্তু বেসরকারি শিক্ষকেরা অর্থনৈতিক ও পেশাগত বৈষম্যের শিকার। তাঁদের নামমাত্র বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া হয়। মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পান। এ ছাড়া পদোন্নতি, ইনক্রিমেন্ট, পেনশন সুবিধা ও বৈশাখী ভাতা পান না।
মো. আবু বকর সিদ্দিক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক-কর্মচারী জনবল কাঠামোর জাঁতাকলে পড়ে এমপিওভুক্ত হতে পারছেন না। এতে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। শিক্ষাব্যবস্থার জাতীয়করণ করলে এই দুরবস্থার অবসান হবে।
শিক্ষক সমিতির ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ, অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বার্ষিক ৫ শতাংশ বেতন বৃদ্ধি করা, সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, বৈশাখী ভাতা দেওয়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ইত্যাদি।
সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপদেষ্টা সুনীল চক্রবর্তী, সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, কক্সবাজার শাখার সভাপতি মুজিবুর হক, নোয়াখালী শাখার সভাপতি আবুল কাশেম, ফেনী শাখার সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক শিমুল মহাজন ও আলতাজ মিয়া।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। বিভাগীয় কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা।