শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার ফরিদপুর, পিরোজপুর, নড়াইল, ঝিনাইদহ, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বর্ধিত বেতন ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হলেও বার্ষিক ৫ শতাংশ বর্ধিত বেতন, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। তাই তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরে বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব সড়কে মানববন্ধন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. হায়দার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কে এস ইউসুফ আলী, সালথা উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. খায়রুল আলম এনায়েত, আঞ্চলিক সম্পাদক আজাদ আবুল কালাম প্রমুখ।
এর আগে দাবির সমর্থনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, অনতিবিলম্বে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হবে।
পিরোজপুরে বেলা সাড়ে ১১টা থেকে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন শেষে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মজিবুর রহমান, সহসভাপতি সুলতানা নাসরিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন খান, নাজিরপুর উপজেলা শাখার সভাপতি সুখরঞ্জন ব্যাপারী, ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।
পরে পিরোজপুরের জেলা প্রশাসক খায়রুল আলম শেখের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা।
দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন, সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি সুশীল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি ফকির আবদুল কাদের, বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি আবদুর রউফ প্রমুখ বক্তব্য দেন। পরে শিক্ষকনেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতি। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার নেতা আবদুল মোমিন। আরও বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল শহরে মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা শিক্ষক সমিতির সভাপতি বি এম শুকুর আলী, সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।