শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেতন বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার ঝিনাইদহ, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বর্ধিত বেতন ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অষ্টম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত হলেও বার্ষিক ৫ শতাংশ বর্ধিত বেতন, বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। তাই তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। বক্তারা অবিলম্বে তাঁদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন, সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি সুশীল চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি ফকির আবদুল কাদের, বালিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি আবদুর রউফ প্রমুখ বক্তব্য দেন। পরে শিক্ষকনেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়েসকালে মানববন্ধন কর্মসূচি পালন করে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতি। কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার নেতা আবদুল মোমিন। আরও বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি মহিউদ্দিন প্রমুখ।
সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল শহরে মিছিল বের করা হয়।