শিক্ষাব্যবস্থা শক্তিশালী করতে বিদ্যালয় জাতীয়করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। যুগের সঙ্গে তাল না মেলালে শিক্ষাব্যবস্থা সমৃদ্ধ হবে না। শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।গতকাল রোববার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত বাঘা ইউনিয়নের কালাকোনা রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেকিম আলী রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুড়ুকভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই ছয়টি বিদ্যালয় এলাকায় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসব মতবিনিময় সভায় শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। মতবিনিময়ে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হুমায়ূন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী শাহ আলম, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ প্রমুখ বক্তব্য দেন।