শিক্ষাব্যবস্থার ওপর পেট্রলবোমা মারা হচ্ছে: সেতুমন্ত্রী

শিক্ষাব্যবস্থার ওপর পেট্রলবোমা মারা হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে আক্রমণ করা হচ্ছে। দেশের ভাবমূর্তি বিদেশে দগ্ধ করা হচ্ছে। এটি আত্মঘাতী ও সর্বনাশা রাস্তা।
আজ শুক্রবার বিকেলে ওবায়দুল কাদের গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত মহাসড়কের চার লেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আগামী জুন মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। এর মধ্যে মহাসড়কের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এই সড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসড়ক এপ্রিলের প্রথম সপ্তাহে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনী যে কাজটি করছে, তা মে মাসে শেষ হবে। তারা ৭৬ শতাংশ কাজ শেষ করে ফেলেছে। সেনাবাহিনী এই সড়কের প্রথম দুটি প্রকল্প তদারকি করছে। বাকি দুটি প্রকল্প জেনারেল ঠিকাদার তদারকি করছে। তাদের ওই অংশটুকু মে মাসের মধ্যে শেষ হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় সরকার তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলবে। এ ব্যাপারে আমার ব্যক্তিগত মন্তব্য করা ঠিক হবে না।’
বিএনপি জোটের চলমান হরতাল অবরোধ কর্মসূচির ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক পরিদর্শন করতে এসে বেশ কয়েকটি জায়গায় আমি যানজটে পড়েছি। যারা হরতাল আহ্বান করেছেন তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে, যানবাহনগুলো রাস্তায় চলছে। তাঁরাই যেখানে তাঁদের কর্মসূচি মানছেন না, সেখানে সাধারণ মানুষ তাঁদের কর্মসূচি কী করে মানবেন?’
এ সময় উপস্থিত ছিলেন চার লেনের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব আহম্মেদ খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর তামিম প্রমুখ।