শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা এমন আধুনিক দেশ গড়ে তুলতে চাই, যার প্রকৃত নির্মাতা হবে আমাদের নতুন প্রজন্ম। এ জন্য প্রয়োজন আমাদের শিক্ষাব্যবস্থার মৌলিক গুণগত পরিবর্তন। আমরা আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে চাই।’ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রোববার বিকেলে ছয় দিনব্যাপী ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (সংগঠন) মো. শাহ কামাল, বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক কমিশনার এ কে এম মোস্তফা কামাল, আঞ্চলিক স্কাউট সমাবেশের সাংগঠনিক কমিটির সভাপতি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, স্কাউটের সদস্যরা এখানে এসে অনেক নতুন বিষয় জানতে, বুঝতে ও শিখতে পারে। পরবর্তীকালে এগুলো তারা নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে। দেশের মঙ্গল ও কল্যাণে কাজে লাগাতে পারে।অনুষ্ঠান শুরুর আগে প্রশিক্ষণকেন্দ্রের সম্মেলন কক্ষে স্কাউট কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের কোষাধ্যক্ষ মো. শফিকুর রহমান, আঞ্চলিক উপকমিশনার মো. শামীমুল হক, মেট্রো কমিশনার ইদ্রিস আলী ও লিয়াকত হোসেন।সম্মেলনে স্কাউটের আঞ্চলিক উপকমিশনার মো. আতিকুল ইসলাম পাঠান জানান, ১৩তম আঞ্চলিক স্কাউট সমাবেশে দেশের ১৮টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিন হাজার ৬৮৮ জন স্কাউট, ৫৭৬ জন গার্ল ইন স্কাউট, ৫৩৩ জন ইউনিট লিডার, ১৩০ জন স্বেচ্ছাসেবক, ২৫০ জন কর্মকর্তা, ৫০ জন কর্মচারীসহ পাঁচ হাজার ২৩৪ জন অংশগ্রহণ করেছেন। ২৭ ডিসেম্বর মহাতাঁবু জলসার মাধ্যমে এই সমাবেশ শেষ হবে।