শিক্ষাব্যবস্থায় দুর্নীতি সহ্য করবে না দুদক

‘শিক্ষাব্যবস্থায় দুর্নীতি কোনোক্রমেই সহ্য করব না। ঘুষ নিয়ে শিক্ষকের বদলি কেন হবে। শিক্ষকের চেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা ছাত্রছাত্রীদের কোচিং সেন্টারে পাঠানোর জন্য প্রস্তুত করবেন না। কোচিং সেন্টার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি।’
আজ বুধবার সকালে যশোর সার্কিট হাউস মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ এক অনুষ্ঠানে এসব কথা বলেন। খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
ইকবাল মাহমুদ বলেন, ‘দেশ সোনায় সোহাগা হয়ে গেছে—এ কথা বলব না। দেশে দুর্নীতি আছে এ কথা আমি স্বীকার করি। আমার প্রতিষ্ঠানের (দুদক) মধ্যেও দুর্নীতি রয়েছে। দুনীতি কমানোর চেষ্টা করছি। এটা একটা যুদ্ধ। একদিনেই এ যুদ্ধ শেষ হয়ে যাবে না।’
দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের দিকে দুদক বেশি নজর দিচ্ছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, কারণ দমন সব সময় সমানভাবে করা যায় না। আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। তা ছাড়া আপনার-আমার মতো পোড়ামাটি দিয়ে এ দেশ দুর্নীতিমুক্ত হবে না। এ জন্য আমরা নরম কাদার মতো আগামী প্রজন্মকে নিয়ে বেশি ভাবছি। এ জন্য দেশের প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘ গঠন করা হচ্ছে। নৈতিকতার অনুশীলনের জন্য স্কুলে স্কুলে সততা স্টোর খোলা হচ্ছে। জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে মানুষের মানসিকতা পরিবর্তনে সচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে।’
খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদকের খুলনা কার্যালয়ের পরিচালক আবুল হোসেন, নড়াইলের দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মনিরুজ্জামান মল্লিক, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাতক্ষীরার কলারোয়া উপজেলা কমিটির সভাপতি আকতার আসাদুজ্জামান প্রমুখ। যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।