শিক্ষামন্ত্রী বললেন ‘মা, তুমি পড়ো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার প্রতি কুমিল্লার বুড়িচং উপজেলার রিপা আক্তারের একাগ্রতা ও অদম্য সাহস দেখে মুগ্ধ অনেকে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রোববার ফোন করে রিপাকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।গত শুক্রবার কন্যাসন্তান প্রসব করেন রিপা। এর ৪০ মিনিট পরই তিনি এইচএসসির ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। তাঁর এই অদম্য সাহসিকতা নিয়ে গতকাল প্রথম আলোতে ‘মা হয়েই পরীক্ষার জন্য ছুট’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রথম আলোর অনলাইন সংস্করণেও সর্বোচ্চ আলোচিতের তালিকায় ছিল। দেশ-বিদেশের বহু পাঠক প্রতিবেদনটি পড়ে রিপার ভূয়সী প্রশংসা করেছেন। মা-মেয়েকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। কেউ কেউ রিপাকে ‘অসীম সাহসী মা, মায়ের মতো মা’ বলে আখ্যায়িত করেছেন।রিপার কাছে মন্ত্রীর ফোন আসে গতকাল দুপুরে। রিপা বলেন, ‘শিক্ষামন্ত্রীর ফোন পেয়ে আমি খুব আনন্দিত। আমার বাবার সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামী দিনে আরও ভালো করে নবউদ্যমে পড়াশোনা করব। দেশের জন্য কাজ করব। মন্ত্রী মহোদয়ের আশীর্বাদ ও উৎসাহ আমাকে ঋণী করে ফেলল।’ রিপার বাবা ফুল মিয়া বলেন, ‘গ্রামের একজন মানুষকে শিক্ষামন্ত্রী ফোন করেছেন! তিনি আমার মেয়েকে বলেছেন, “মা, তুমি পড়ো, তোমার উদ্যোগকে স্বাগত জানাই।”’এমন একটি প্রতিবেদনের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে রিপা, তাঁর বাবা, বুড়িচংয়ের ইউএনও ও সোনার বাংলা কলেজের (রিপার কলেজ) অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি।’ তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি রিপার কন্যাসন্তানের সুস্বাস্থ্য ও সমৃদ্ধ জীবন কামনা করেন মন্ত্রী।