শিক্ষামন্ত্রী-শিক্ষার্থী কিছুক্ষণ
সব শিক্ষার্থী মেঝেতে বসা। তাঁদের সামনে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশে শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ অন্যরা। সমসাময়িক নানা বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশে সরাসরি একের পর এক প্রশ্ন করেন শিক্ষার্থীরা। আর সব প্রশ্নেরই জবাব দেন শিক্ষামন্ত্রী।৪৫ মিনিটব্যাপী চলা এ পর্বের নাম ছিল ‘কিছুক্ষণ’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির রবীন্দ্র-নজরুল মঞ্চে এই অনুষ্ঠান হয়।‘ইভ টিজিং কমছে না কেন? সরকার কী করছে?’ শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেকোনো সামাজিক সমস্যা সমাধান করতে হলে আগের অবস্থা জানতে হয়। আগে আমাদের সমাজে এই ইভ টিজিংকে লুকিয়ে রাখা হতো। এখন সচেতনতার কারণে প্রকাশ হচ্ছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা প্রতিরোধে নেমেছে।’ এ প্রসঙ্গে মন্ত্রী শিক্ষার্থীদের জানান, ‘আমি ব্যক্তিগতভাবে ইভ টিজিং নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য একটি পুস্তিকা লিখছি। এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিতরণ করব।’গ্রাম আর শহরের শিক্ষাবৈষম্য নিয়ে করা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা চায় না। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতেই জেএসসি পরীক্ষার প্রবর্তন করা হয়েছে। আমরা চাই মেধাবী প্রজন্ম। যারা দেশের জন্য কাজ করবে তারা মূল্যায়ন পাবে।’শিক্ষার্থীদের প্রশ্ন আর শিক্ষামন্ত্রীর জবাব উপভোগ করছিলেন উপস্থিত সবাই। আইন বিভাগের শিক্ষার্থী হোসাইন আহমদ বলেন, ‘আমাদের করা প্রশ্নগুলোর জবাব যে এত আন্তরিকভাবে পাব, আমরা কেউই তা প্রত্যাশা করিনি।’পরে বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য হাবিবুর রহমানের নামে একটি পাঠাগার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় নীতিমালাকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে একাধিকবার আলোচনা করেছি। তাঁরা ব্যক্তিগতভাবে এক কথা বলেন আর সমষ্টিগতভাবে বলেন অন্য কথা। এ জন্য সমন্বয় হচ্ছে না। এর পরও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধিত নীতিমালা অচিরেই প্রণয়ন করা হবে।’অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘হাবিবুর রহমান স্যার নীতি ও আদর্শের প্রতি অবিচল একজন মানুষ ছিলেন। আমরা কৃতজ্ঞ, তাঁর মতো একজন মানুষ পেয়েছিলাম। তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।’মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৌফিক রহমান চৌধুরী।বিয়ানীবাজার প্রতিনিধি জানান, শিক্ষামন্ত্রী দুপুরে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আরডি খাসা গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করেন। পরে চারখাই বাজারে আওয়ামী লীগের নেতা প্রয়াত ফখরুল ইসলাম ও দৌলতুজ্জামানের শোকসভায় বক্তব্য দেন। শিক্ষামন্ত্রী জানান, সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চারখাই থেকে বারইগ্রাম পর্যন্ত রাস্তা প্রশস্ত, রোড ডিভাইডার, নর্দমা, সরু ও ঝুঁকিপূর্ণ সাতটি সেতুর পুনর্নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।