শিক্ষামন্ত্রীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল রোববার সিলেটে তাঁর নির্বাচনী এলাকায় মানববন্ধন হয়েছে।
সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার সংযোগস্থল চারখাই বাজারে ‘শিক্ষামন্ত্রী আমরা পাশে আছি’ ব্যানার নিয়ে এই মানববন্ধন করা হয়। এতে ওই দুই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীরা একাত্ম হন।
মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী দত্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেরুজ্জামান, চারখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ আলী, বিয়ানীবাজার উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাদেক আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হাসিব প্রমুখ। সমাবেশে বক্তারা হুমকিদাতাদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানান।
শিক্ষামন্ত্রীকে দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের অগ্রদূত অভিহিত করে বক্তারা বলেন, তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সফল শিক্ষামন্ত্রী। তাঁকে হত্যার হুমকি দিয়ে তাঁর অগ্রযাত্রা স্তব্ধ করার পাঁয়তারার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।