শিক্ষামন্ত্রীকে হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অত্যন্ত জাগ্রত মূল্যবোধসম্পন্ন মানুষ শিক্ষামন্ত্রী। দেশে বিজ্ঞানমনস্ক শিক্ষার প্রসার ঘটিয়ে প্রগতিমনা, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বড় ভূমিকা তাঁর। তাঁকে যারা হুমকি দেয়, তারা বিজ্ঞানমনস্ক শিক্ষার বিরুদ্ধে। আমরা শঙ্কিত, শিক্ষার ক্ষেত্রে জাগ্রত মূল্যবোধসম্পন্ন এই মানুষকে কেউ আঘাত করতে পারে। তাই অন্ধকারের এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সম্প্রতি সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বুধবার ‘সিলেটের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের সচেতন ব্যক্তিত্ব ও কর্মীবৃন্দ’ ব্যানারে মানববন্ধনে একাত্ম হওয়া সিলেটের শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এসব কথা বলেন। মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে শিক্ষামন্ত্রীসহ পরিবারের সদস্যদের যথাযথ নিরাপত্তা দেওয়া ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
৮ এপ্রিল মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৯ এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে একাত্ম হন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশও হয়।