শিক্ষামন্ত্রীর আশ্বাসে ঘরে ফিরলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা
প্রতিবন্ধিতা-সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধীদের ১ হাজার ৭৭২টি বিদ্যালয়ের একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ১১ দফা দাবিতে বিদ্যালয়গুলোর শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসে শনিবার সন্ধ্যায় কর্মসূচি স্থগিত ঘোষণা করে ঘরে ফেরেন তাঁরা।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে গত ২০ মার্চ সকালে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষকেরা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। নাটক, গান, আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ গতকাল পর্যন্ত টানা ১৪ দিন তাঁরা সেখানে অবস্থান করেন।
প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির গণমাধ্যম সমন্বয়ক পার্থ ঘোষ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে মুঠোফোনে তাঁদের কথা হয়। শিক্ষামন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শিক্ষকেরা রাস্তায় থাকতে পারেন না৷
তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে শিক্ষকদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবেন। সেটি সম্ভব না হলে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর আশ্বাসও দিয়েছেন তিনি। তাই ১৪ দিন অবস্থান কর্মসূচির পর ওই আশ্বাস নিয়ে শিক্ষকেরা ঘরে ফিরেছেন।